নকিয়া ব্র্যান্ডিং বাদ দিয়ে নিজস্ব ব্র্যান্ডিংয়ে প্রথম স্মার্টফোন বাজারে আনছে মাইক্রোসফট। নতুন স্মার্টফোনে ‘মাইক্রোসফট’ লেখা ও উইন্ডোজের লোগো থাকতে পারে। অবশ্য নকিয়াকে ব্র্যান্ডিং থেকে সরিয়ে দিলেও লুমিয়া নামটিকে রেখে দিতে পারে মাইক্রোসফট।
মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেরা দাবি করেছেন, মাইক্রোসফট সম্প্রতি নকিয়া ব্র্যান্ডিংয়ের আওতায় লুমিয়া ৮৩০, ৭৩০ ও ৭৩৫ এই তিনটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। এই তিনটি স্মার্টফোনের পরের ফোনটি হবে মাইক্রোসফটের নিজস্ব ব্র্যান্ডিংয়ের।
সম্প্রতি ফ্রেঞ্চ ওয়েবসাইট নাউহেয়ারএলসে বড় মাপের ডিসপ্লেযুক্ত একটি স্মার্টফোনের ছবি ফাঁস করেছে। ওই ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ছবিটি মাইক্রোসফটের নিজস্ব স্মার্টফোনের।
এ বছরের এপ্রিলে নকিয়ার মোবাইল ফোন বিভাগকে কিনে নিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। চুক্তি অনুযায়ী, আগামী ১০ বছর পর্যন্ত নকিয়া ব্র্যান্ড ব্যবহার করতে পারবে মাইক্রোসফট।
এপ্রিল থেকে শুরু করে এ পর্যন্ত নকিয়া ব্র্যান্ডের অধীনেই স্মার্টফোন বাজারে ছেড়েছে মাইক্রোসফট। তবে ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে দাবি করেছে, শিগগিরই নকিয়া ব্র্যান্ডের অধীনে স্মার্টফোন তৈরির পরিকল্পনা থেকে সরে আসতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এর আগে গিক অন গ্যাজেটস ব্লগে ফাঁস হয়েছিল মাইক্রোসফটের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কিত কিছু তথ্য। তাতে দাবি করা হয়, মাইক্রোসফট আরও কিছুদিন তাদের আসন্ন ফোনগুলোতে ‘লুমিয়া’ নামটি ব্যবহার করবে কিন্তু তা হবে শুধু মাইক্রোসফটের ব্র্যান্ডিংয়েই। এ ছাড়াও ‘উইন্ডোজ ফোন’ শব্দ দুটি থেকে ‘ফোন’ শব্দটিও বর্জন করবে মাইক্রোসফট। ভবিষ্যতে মাইক্রোসফটের তৈরি ফোনগুলোর বিজ্ঞাপন ও প্রচারের ক্ষেত্রে ‘উইন্ডোজ ফোন’ ব্যবহারের পরিবর্তে শুধু উইন্ডোজ লোগোটিকেই প্রাধান্য দেওয়া হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের বিশ্লেষক টম ওয়ারেন দাবি করেন, গিক অন গ্যাজেটস ব্লগে ফাঁস হওয়া মাইক্রোসফটের পরিকল্পনার তথ্য সঠিক এবং তিনি এই বিষয়ে নিশ্চিত।
বাজার বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফট সম্প্রতি মোবাইল ফোন, ট্যাব ও ডেস্কটপ অপারেটিং সিস্টেমেকে একীভূত করে একটি একক উইন্ডোজ প্ল্যাটফর্ম তৈরি করছে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা সম্প্রতি বিষয়টির সত্যতাও নিশ্চিত করেছেন। তবে, মাইক্রোসফটের নতুন ফোন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট।
মো: মহাসিন হোসেন রিপন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন